দ্বীপ উপজেলা নোয়াখালী হাতিয়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সকল ধরনের নৌ-যোগাযোগ বন্ধ করে রেখেছে প্রশাসন। ফলে উপজেলার নলচিরা-চেয়ারম্যানঘাট রুটে যাত্রী পারাপার বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলা প্রশাসনের পক্ষে ঘাটে গিয়ে নৌ-পুলিশের সদস্যরা এ আদেশ দেন।
জানা গেছে, সকাল থেকে নলচিরা ঘাটে দায়িত্ব পালন করতে দেখা যায় নৌ-পুলিশের সদস্যদের। ঘাটে ছোট নৌযানগুলোকে নিরাপদে সরিয়ে নিতে মালিকদের নির্দেশ দেন তারা।
এদিকে বুধবার (২৮ মে) সকাল থেকে হাতিয়ায় আকাশ মেঘলা হয়ে অন্ধকারময় হয়ে আছে। মাঝে মাঝে বৃষ্টি পড়তেও দেখা গেছে। সাগর উত্তাল থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের মাছ ধরার ট্রলারকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন বলেন, ‘হাতিয়া উপজেলা ৩ নম্বর সতর্ক সঙ্কেতের ফলে নৌ-যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ আদেশ জারি থাকবে।’