এনবিআর সংস্কার ঐক্য পরিষদের টানা নয় দিন কর্মবিরতির পর বেনাপোল কাস্টমস হাউজে শুল্কায়নের কাজ আবারো শুরু হয়েছে।

সোমবার (২৬ মে) বেনাপোল কাস্টমস হাউজে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে কর্মকর্তারা কর্মবিরতির ঘোষণা দেয়।

জানা গেছে, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জারি করা অধ্যাদেশে প্রয়োজনীয় সব সংশোধনীসহ অধিকাংশ দাবির বিষয়ে অর্থ মন্ত্রণালয় একমত হওয়ায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা আন্দোলন স্থগিত করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

বেনাপোল কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি প্রত্যাহার করায় বেনাপোল কাস্টমস হাউজে সকাল থেকে পুরোদমে শুল্কায়নের কাজ চলছে। ফিরে এসেছে কর্ম চাঞ্চল্য। স্বস্তি পেয়েছে আমদানিকারকসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে অনেকদিন পর শুল্কায়নের কাজ শুরু হওয়ায় কাস্টম হাউসের সকল গ্রুপে ফাইল জট সৃষ্টি হয়েছে।

জানা গেছে, এনবিআরকে দু’ভাগে বিভক্ত করার প্রতিবাদে গত ১৪ মে থেকে ২৬ মে পর্যন্ত কর্মবিরতি পালন করে আসছিল। তবে শুক্রবার বন্ধ এবং ২০ মে ও ২২ মে কর্ম বিরতি ছিল না।

কর্মবিরতি চলাকালে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য সচলসহ যাত্রীসেবা স্বাভাবিক ছিল বলে জানা গেছে।

বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল হাসান জানান, ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করায় বেনাপোল কাস্টম হাউসে সকাল থেকেই শুল্কায়নের কাজ চলছে।’