আলু, পেঁয়াজ কমিশন গঠন, উপজেলাভিত্তিক কাঁচামাল সংরক্ষণাগার, কৃষি প্রণোদনা ও ঋণ বিতরণসহজ করাসহ ১০ দফা দাবিতে কৃষক ঐক্য পরিষদের লংমার্চ রংপুরে পৌঁছেছে।
রোববার (২০ এপ্রিল) দুপুরের দিকে লং মার্চ বগুড়া থেকে রংপুর পৌঁছায়। এ সময় নগরীর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে কৃষকরা। কৃষক ঐক্য পরিষদের রংপুর জেলা আহ্বায়ক মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কৃষিবিদ মঞ্জুর আহমেদ, মহাসচিব সুলতান আহমেদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
এ সময় কৃষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর আহমেদ বলেন, ‘আলু, পেঁয়াজ কমিশন গঠন ও উপজেলা ভিত্তিক কাঁচামাল সংরক্ষণাগার ও রফতানি কেন্দ্র স্থাপন, ঢাকাসহ সারাদেশে কৃষকের বাজার স্থাপন, কৃষি প্রণোদনা ও কৃষি ঋণ বিতরণ সহজ করা, সিন্ডিকেটমুক্ত করে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা, কৃষিজ পণ্য পরিবহণে চাঁদাবাজি টোল প্রথা নির্মূল করে রেলবগি বরাদ্দ করা।
এছাড়া খাস ও পতিত জমি বরাদ্দসহ কৃষকদের জন্য বিশেষ ভাতা চালু করা, সরকারিভাবে কৃষি বীমা চালু করা ও ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান, সরকারি হাসপাতালে ও বেসরকারি হাসপাতালে বা ক্লিনিকে কৃষকদের ৫০ ভাগ ছাড়ে চিকিৎসাসেবা প্রদান নিশ্চিত, জাতীয় সংসদ, অন্যান্য জাতীয় কমিটি ও জেলা বা উপজেলা পর্যায়ে মাসিক সভায় আনুপাতিকহারে কৃষক প্রতিনিধি অন্তর্ভুক্ত এবং কৃষি প্রযুক্তি ও অ্যাপস আধুনিকায়ন ও বাস্তবমুখী করার দাবিতে আমাদের লং মার্চ।
তিনি জানান, আমরা বগুড়া থেকে লংমার্চ শুরু করেছি ১৭ এপ্রিল। লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও হয়ে রংপুরের উদ্দেশে রওনা করেন ২৩ এপ্রিল পঞ্চগড়ে গিয়ে শেষ করব। দাবি আদায়ে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।