গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধ ও ভারতে মুসলমান নির্যাতন এবং ওয়াক্ফ আইন বাতিলের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে রংপুরের বদরগঞ্জের শেখেরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল সমাবেশে হাজার হাজার মানুষ জড়ো হয়।

পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মুক্তার পাড়া সন্তোষপুর, চেংমারী, পুলিশ বক্স, গোবরগাড়ি হয়ে আবারো শেখেরহাট উচ্চ বিদ্যালয় মাঠে মিলিত হয়। এ সময় আট কিলোমিটার গ্রামীণ পথে বিভিন্ন শ্রেণি-পেশার দশ হাজারেরও বেশি মানুষ অংশ নেন।

এ সময় হাজারো মানুষ একসাথে স্লোগান তোলে, ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন, ইজরায়েলের গণহত্যা বন্ধ করো, করতে হবে।’ এ সময় একটি বিশাল ফিলিস্তিনের পতাকা ছাড়াও শত শত পতাকা বহন করা হয়। স্থানীয় আলেম ও তৌহিদি জনতার উদ্যোগে এবং আলোকিত যুব সংগঠনের ব্যানারে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে আল ইনসাফ সোসাইটি ফর হিউম্যানিটি।

সমাবেশে বক্তব্য দেন ভিমপুর শাইলবাড়ি মাদরাসার পরিচালক মুফতি আবুল হাসান, বদরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মো: জাকারিয়া হোসেন, মডেল মসজিদের খতিব মুফতি মঈনুদ্দীন তাজীদ, শাহপুর মাটারপাড়া মাদরাসার পরিচালক মুফতি হাসানুল ইসলাম, শেখের হাট স্কুলের প্রধান শিক্ষক আনিছুল ইসলাম, কারাগঞ্জ মাদরাসার মোহতামিম মুফতি আসাদুল্লাহ, মাওলানা বোরহান উদ্দিন, হাফেজ মেনহাজুল ইসলাম, বদরগঞ্জ খেলাফত আন্দোলনের হাফেজ ইমরান, আল ইহসান ফাউন্ডেশনের মাহবুবুর রহমান, বদরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আজিজুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম রসুল বকুল, এশিয়ান টেলিভিশন ও আমার দেশের রংপুর ব্যুরো প্রধান বাদশা ওসমানি, দামোদর পুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো: আসিফ ইকবাল, দামোদরপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুর মোহাম্মদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘জাতিসঙ্ঘের অধীনে অবিলম্বে গাজায় ইজরাইলের গণহত্যা বন্ধ করতে হবে। একইসাথে বাংলাদেশের সাথে ইজরাইলের যত চুক্তি আছে সব চুক্তি বাতিল এবং ইজরাইলের সব পণ্য বর্জন করতে হবে পাশাপাশি সারা বিশ্বের মুসলমানদের একত্রিত হয়ে ইজরায়েলের গণহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী মুসলমানদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তারা। একইসাথে ভারতে মুসলিম নিধন বন্ধ এবং ওয়াক্ফ আইন বাতিলের দাবিও জানান বক্তারা।

বক্তব্য শেষে এ সময় ঘোষণাপত্র পাঠ করেন আল ইনসাফ সোসাইটি ফর হিউম্যানিটির পরিচালক মাওলানা শফিকুর রহমান সাইফী।