চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্যাটারিচালিত পাখিভ্যান থেকে পড়ে হান্নান (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা শহরের থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

হান্নান উপজেলার কালিদাসপুর ইউনিয়নের দক্ষিণপাড়ার মরহুম রাজ্জাক আলীর ছেলে। তিনি আলমডাঙ্গার গিরিধারী বাবুর আড়তে দিনমজুর হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

ভ্যানচালক পৌর এলাকার হাউসপুর গ্রামের শামীম জানান, ‘আমি আমার বোনকে স্টেশনে পৌঁছে দিতে যাচ্ছিলাম। শহরের মোড়ে ভ্যান থামালে এক ব্যক্তি জোর করে উঠে পড়ে এবং বলে সামনে পানের দোকানে যাবে। থানার সামনে পৌঁছানোর পর হঠাৎ করে সে পড়ে যায়।’

পাখিভ্যানের আরেক যাত্রী বৃষ্টি খাতুন বলেন, ‘আমি স্টেশনে যাচ্ছিলাম। দারুস সালাম মোড়ের কাছে পৌঁছালে ওই ব্যক্তি ভ্যানে উঠে পড়ে। তার মুখে মদের গন্ধ ছিল। থানার সামনে গিয়ে সে আচমকা পড়ে যায়। পরে পথচারীদের সহায়তায় বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাই, কিন্তু কোনো ডাক্তার পাইনি। কিছুক্ষণ পর তিনি মারা যান।’

হান্নানের মা হালিমা খাতুন বলেন, ‘ছেলে প্রতিদিন কাজ শেষে বাড়ি ফিরত। কিন্তু বৃহস্পতিবার ফিরেনি। পরে খবর পাই, সে মারা গেছে।’

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘এক ব্যক্তি চলন্ত ভ্যান থেকে পড়ে মারা গেছেন। তার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।’