চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত এলাকা থেকে ১২ কেজি ২০০ গ্রাম ওজনের ভারতীয় তৈরী রুপার গহনা পরিত্যাক্ত অবস্থায় জব্দ করেছে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ব্যাটালিয়ন। যার বাজার মূল্য ২৭ লাখ ১৯ হাজার ৪৭০ টাকা।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার সময় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার সীমান্তবর্তী মুন্সিপুর গ্রামের সরদারপাড়া থেকে এই গহনা জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো: নাজমুল হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন, ভারত থেকে বাংলাদেশে ভারতীয় তৈরীকৃত রুপার গহনা পাচার করা হবে। এমন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মো: হায়দার আলী ও সুবেদার মো: আবুল বাশারের নেতৃত্বে একটি সশস্ত্র টহল দল মুন্সিপুর সীমান্ত মেইন পিলার ৯৩-এর নিকটবর্তী সরদারপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় রাত ৮টার দিকে চোরাকারবারি ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। তখন তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদেরকে ধাওয়া করলে তারা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি ব্যাগটি তল্লাশি করে স্কচটেপে মোড়ানো ২১টি প্যাকেট থেকে ১২ কেজি ২০০ গ্রাম ভারতীয় তৈরীকৃত রুপার গহনা উদ্ধার করে। উদ্ধার করা গহনার আনুমানিক মূল্য ২৭ লাখ ১৯ হাজার ৪৭০ টাকা।

এ ঘটনায় সুবেদার আবুল বাশার দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরিসহ রুপার গহনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।