ফরিদপুরে পরিবারের বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। শনিবার (২৪ মে) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত কাইয়ুম হাওলাদার (২০) সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ইছাইল গ্রামের ইউনুছ হাওলাদারের ছোট ছেলে। তিনি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে চায়ের দোকান করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি কাইয়ুমকে বিদেশে যাওয়ার জন্য পাঁচ লাখ টাকা দেন তার বাবা-মা। এনিয়ে বড় ভাই রহিম হাওলাদারের সাথে পরিবারের বিরোধ বাধে। পরে গত বৃহস্পতিবার রাতে দুই ভাইয়ের বাগ্বিতণ্ডার একপর্যায়ে রহিম তার ছোট ভাইয়ের পেটে ধারালো কাস্তে (কাচি) দিয়ে জখম করে।

গুরুতর আহত অবস্থায় কাইয়ুমকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তিনি মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদউজ্জামান বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।