ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের হাঁসাড়া হাইওয়ে থানার বিপরীত পাশে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, যশোর থেকে ঢাকাগামী হামদান এক্সপ্রেস নামের একটি বাস চলন্ত একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের পর উভয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাঝখানের সড়ক দ্বীপের রেলিংয়ের সাথে আলাদাভাবে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান। পরে হাসপাতালে নেয়ার পর আরো দু’জন মারা যান।

ঘটনাস্থলে নিহত দু’জন হলেন যশোর সদর উপজেলার মধুগ্রামেরর জিল্লুর রহমান (৬৫), একই উপজেলার পাগলাদাহ গ্রমের ডা: জালাল (৬৫)। হাসপাতালে নেয়ার পর আরো দু’জনের মৃত্যু হয়। তারা হলেন যশোর সদর উপজেলার ডা: আ: হালিম (৫৫) ও একই উপজেলার পাগলাদাহ গ্রামের বাসের হেলপার হাসিব (৩২)।

হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী নয়া দিগন্তকে জানান, বাসটি নোয়াপাড়া থেকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটি দলের জনসভায় যাচ্ছিল। রাত সাড়ে ৩টার দিকে হাঁসাড়া হাইওয়ে থানা হতে ১ কি.মি. দূরে লন্ডন স্কুলের সামনে ঢাকামুখী লেনে এক্সপ্রেসেওয়েতে চলন্ত অবস্থায় একটি মিনি ট্রাকের (ঢাকা মেট্রো -ড-১৪-৪৫৩৮) পেছেন হামদান এক্সপ্রেস পরিবহন বাস (ঢাকা মেট্রো -ব-১২-৪২৯৬) বাম পাশে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাসের দু’জন যাত্রী মারা যান। ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেয়ার পর আরো দু’জনের মৃত্যু হয়। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় চারজনে। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন। হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগীতায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়।

তিনি আরো জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। অভিযুক্ত বাস ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় পলাতক রয়েছে বাসের চালক। আইনগত প্রক্রিয়ার শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।