বুড়িমারী স্থলবন্দর রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী বুড়িমারী আন্তঃনগর ট্রেন চলাচলের দাবিতে ও সকল প্রক্রিয়া সম্পন্ন হলেও কয়েক দফায় অদৃশ্য কারণে বিলম্বিত হওয়ার প্রতিবাদে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় একযোগে সড়ক ও রেলপথ অবরোধ করেছে সাধারণ ছাত্র-জনতা। এতে মহসড়কে সৃষ্টি হয়েছে প্রায় ৩৫ কিলোমিটার যানজট, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সোমবার (২৮ এপ্রিল) ‘সংগ্রাম উন্নয়ন পরিষদের’ ব্যানারে পূর্ব ঘোষিত এই অবরোধ কর্মসূচির ডাক দেয় তারা।

অবরোধের ফলে বুড়িমারী স্থল বন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনে গাড়ি আটকে পড়ে প্রায় ৩৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। একযোগে সড়ক ও রেলপথ অবরোধের কারণে দুর্ভোগে পড়েছেন জেলার চার উপজেলার কয়েক লাখ মানুষ।

এর আগে ২১ এপ্রিল থেকে একই দাবিতে সাত দিনের বুড়িমারীগামী সকল লোকাল ট্রেন অবরোধ কর্মসূচি দেয় সংগঠনটি। সাত দিনের মধ্যে দাবি না মানায় সোমবার থেকে সড়ক পথে অবরোধ কর্মসূচি পালন করছে তারা।

বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী স্থলবন্দর রেলস্টেশন থেকে চালুর দাবিতে দীর্ঘদিন দরে আন্দোলন করছে বিভিন্ন সংগঠন। সর্বশেষ ট্রেন চালুর তারিখ বুড়িমারী স্টেশন থেকে ট্রেন চালুর কথা থাকলেও বিভিন্ন কারণ দেখিয়ে তা বন্ধ করে রাখে কর্তৃপক্ষ।