চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের রাইসার বিল মৎস্য অবতরণ কেন্দ্রের প্রধান ফটকের পাশে ‘জয় বাংলা’ লেখা একটি বোমা সদৃশ বস্তু উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার বেলা ১১টায় স্থানীয়রা বস্তুটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে মৎস্য কমিটির সদস্যদের বিষয়টি অবহিত করেন। পরে খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে মৎস্য অবতরণ কেন্দ্রের প্রধান ফটকের পাশে বস্তুটি পড়ে থাকতে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি মৎস্য কমিটি ও পুলিশকে জানানো হয়। তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাটি পরিদর্শন করেন।
এ ঘটনায় কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদসহ কয়েকজন নেতা অভিযোগ করে বলেন, বোমা সদৃশ বস্তুটিতে ‘জয় বাংলা’ লেখা থাকায় তাদের ধারণা, এটি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থকদের নাশকতামূলক কর্মকাণ্ডের অংশ হতে পারে।
তাদের দাবি, এলাকায় আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যেই এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখি। পরে বোমাটি আমাদের থানায় নিয়ে আসি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।