রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসের বিভিন্ন হলের দেয়ালে ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা ফিরবে’-সহ বিভিন্ন ধরনের দেয়াল লিখনের প্রতিবাদে গভীর রাতে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামন থেকে মিছিলটি শুরু হয়ে কাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে শহীদ মুখতার এলাহী হলের প্রধান ফটকের সামনে সমাবেশ করে তারা।

সমাবেশে বক্তব্য রাখেন সমন্বয়ক শামসুর রহান সুমন, রহমত আলী, শাহরিয়ার সোহাগসহ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাকের ডগার ওপর দিয়ে শহীদ আবু সাঈদের শাহাদতের বর্ষপূর্তির রাতে ক্যাম্পাসের বিভিন্ন হল-সহ দেয়ালে ছাত্রলীগ দেয়াল লিখন লিখেছে। তারা লিখেছে ‘শেখ হাসিনা ফিরবে’, ‘জয় বাংলা’-সহ বিভিন্ন শ্লোগান। আমরা মনে করি, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা।

তারা আরো বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তাহলে ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের হত্যা করে যাবে, আর প্রশাসন মুলা চুষবে।

তারা সমস্ত সিসিটিভি ক্যামেরা সকালের মধ্যেই দেয়ার দাবি জানান এবং কারা এই ফ্যাসিবাদের পক্ষে লিখেছে তাদের গ্রেফতার করার দাবি জানান।