কুমিল্লা বুড়িচং উপজেলায় বিষ প্রয়োগ ও এসিড ঢেলে ১৪ বছর বয়সী শিশু হোসাইন হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার মধ্যরাতে কুমিল্লা চান্দিনা উপজেলার আসামিদের মামা বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক।
গ্রেফতাররা হলেনবুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের সোলাইমানের ছেলে আলাউদ্দিন (২২) ও সাইমুন (১৬)।
পুলিশ জানায়, দু’মাস আগে উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের মইনুল হোসেনের মুদি দোকানে চুরি হয়। এতে সাইমুন নামে এক কিশোরের জড়িত থাকার অভিযোগ গ্রাম্য সালিশে প্রমাণিত হলে তাকে পাঁচ হাজার জরিমানা করা হয়। সালিশ করেন হোসাইনের বাবা আবু তাহের। এতেই ক্ষুব্ধ হয়ে সাইমুন ও তার ভাই আলাউদ্দিন গত ৩১ মে হোসাইনকে ডেকে নিয়ে জোরপূর্বক বিষপান করান, এসিড ছুঁড়ে দেন তার অন্ডকোষে। ১২ দিন কুমিল্লা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার তার মৃত্যু হয়।
ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, শিশু হোসাইন হত্যার ঘটনা দু’জনের নাম উল্লেখ করে নিহতের মা শাহিনা আক্তার মামলা দায়ের করেন। পুলিশ কুমিল্লা চান্দিনা উপজেলায় আসামিদের মামার বাড়ি থেকে তাদের গ্রেফতার করে।
বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।