বরিশাল ব্যুরো
বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বুধবার গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ০৯৬৩৮৫০৫৫৫৬ নম্বর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের ব্যবহৃত মোবাইল ফোনে কল করেন। এ সময় ওই ব্যক্তি নিজেকে প্রথম আলোর সম্পাদক পরিচয়সহ বিভিন্ন পরিচয় দেন। সাংবাদিক জহির তাকে সুনিদৃষ্ট করে পরিচয় দিতে বলেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করার পাশাপাশি সরাসরি প্রাণনাশের হুমকি দেন।

স্থানীয় সাংবাদিক নেতারা মঙ্গলবার রাতে বিষয়টি গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিখ হাসান রাসেলকে অবহিত করেন। ওসি নম্বরটি ট্রুকলার অ্যাপসে দিলে এসআই মেহদী হাসান নাম আসে।

এ ঘটনায় পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো: সাইফুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত চলছে।

সাংবাদিক জহুরুল ইসলাম জহির বলেন, এই মুহূর্তে আমার কোনো শত্রু আছে বলে মনে করি না। কে বা কারা কী কারণে অশ্লীল ও অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দিলো তা আমার বোধগম্য নয়।

গৌরনদী প্রেসক্লাব, গৌরনদী সাংবাদিক ফোরাম ও মফস্বল সাংবাদিক ফোরামের নেতারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।