নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী এলাকায় পুকুরে ডুবে আবু বক্কর (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত আবু বক্কর ওই এলাকার কবির ভূইয়ার একমাত্র ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত পানিতে তলিয়ে যায় আবু বক্কর। পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করতে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মোশারফ হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, আবু বক্কর তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল। তার এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আড়াই হাজার থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) রিপন কুমার জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।