র‌্যাব-৯-এর পৃথক অভিযানে হবিগঞ্জ ও সুনামগঞ্জে তিনজনকে আটক করা হয়েছে। অভিযানে ২৬ কেজি গাঁজা, ৪২ বোতল বিদেশী মদ ও ২৬ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়।

র‌্যাব-৯ সূত্র জানিয়েছে, শুক্রবার সকালে হবিগঞ্জের নবীগঞ্জে অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করে র‌্যাব-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প।

আটকেরা হলেন—চুনারুঘাটের হিরন মিয়া (২২), মো. বায়েজিদ মিয়া (২৬) এবং শায়েস্তাগঞ্জের মো. সাকিব মিয়া ওরফে সুমন মিয়া (২৩)।

র‌্যাব জানায়, চুনারুঘাট থেকে একটি হায়েস গাড়িতে করে গাঁজা সিলেটের দিকে নেয়ার খবরে নবীগঞ্জের রুস্তমপুর টোল প্লাজার পাশে চেকপোস্ট বসানো হয়। গাড়িটি থামিয়ে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এদিকে, একই রাতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে ৪২ বোতল বিদেশী মদ ও ২৬ কেজি ভারতীয় ফুচকা উদ্ধার করে র‌্যাব-৯-এর সিপিসি-৩। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত ২-৩ জন ব্যক্তি দুটি বস্তা ফেলে পালিয়ে যায়।

শুক্রবার (২১ আগস্ট) এর সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৯-এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ জানান, আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া পৃথক দুটি ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।