বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) থেকে ৭৫ বছর বয়সে ডিগ্রি পাশ করেছেন নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা উজান পাড়ার বৃদ্ধ কৃষক সাদেক আলী প্রামানিক। তার এ সফলতা উপজেলা জুড়ে সাড়া ফেলেছে।
সোমবার (২৮ এপ্রিল) ঘোষিত বিএসএস পরীক্ষার ফলাফলে তিনি ২.৭৫ সিজিপিএ পেয়ে পাস করেন।
তার ছেলে নাটোরের দিঘাপাতিয়া এমকে কলেজের ইংরেজি বিষয়ক সহকারী অধ্যাপক মো: নাসির উদ্দিন বলেন, ‘বাবা ১৯৭৪ সালে এসএসসি এবং ১৯৭৬ সালে এইচএসসি পাস করেন। আর্থিক অনটন ও বিভিন্ন সমস্যার কারণে আর লেখাপড়া চালিয়ে যেতে পারেননি। কিন্তু উচ্চশিক্ষার স্বপ্ন থেকে তিনি সরে যাননি।’
তিনি আরো বলেন, ‘তিন ছেলে-মেয়ের লেখাপড়া শেষ হওয়ার পর বাবা তার স্বপ্ন বাস্তবায়নের জন্য ২০২০ সালে বাউবির নাটোর দিঘাপতিয়া এমকে কলেজে ভর্তি হন। এদিকে ২০২৪ সালের ১ জানুয়ারি মোটরসাইকেল দুর্ঘটনায় বাবার বাম পায়ের দু’টি হাড় ভেঙে যায়। সেই ভাঙা পা নিয়ে ক্রেচে ভর দিয়ে ৩য় থেকে ৬ষ্ঠ সেমিস্টারের পরীক্ষায় অংশ নেন। পরে সোমবার প্রকাশিত ২০২২ সালের চুড়ান্ত পরীক্ষার ফলাফলে তিনি উত্তীর্ণ হন।’
এদিকে বাবার স্বপ্ন জয়ে পরিবারে নেমেছে খুশির ঢল। একইসাথে তার এ সফলতার গল্প ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে প্রশংসায় ভাসছেন ৭৫ বছর বয়সী এ অকুতোভয় যোদ্ধা।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বরিশাল আঞ্চলিক পরিচালক ড. মো: আজিজুল হক বিষয়টি নিয়ে নিজের ফেসবুক পেজে শেয়ার করে লেখেন, ‘অভিনন্দন হে অকুতোভয় যোদ্ধা! আপনার অদম্য ইচ্ছা আর অক্লান্ত পরিশ্রমই এ বয়সে সাফল্য এনে দিয়েছে।’
নলডাঙ্গা উপজেলার শিক্ষাবিদ অধ্যাপক ড. জিয়াউল হক তার নিজের ফেসবুক পেজে শেয়ার করে লেখেন, ‘ভাঙ্গা পা নিয়ে ক্রেচে ভর দিয়ে ৭৫ বছর বয়সের এ অর্জনে প্রমাণ হয়েছে দৃঢ় বিশ্বাস ও কঠিন মনোবল থাকলে সব সম্ভব। সাদেক আলী প্রামানিক শিক্ষাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসেন বলে এ অসম্ভব কে সম্ভব করে দেখিয়েছেন।’