যশোরের শার্শার পাঁচভুলোট সীমান্তে অভিযান চালিয়ে দুটি নাইন এম এম বিদেশী পিস্তল ও দুটি ম্যাগাজিনসহ দু’জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৯ মে) রাত ১০টার দিকে অভিযান চালিয়ে পাঁচভুলোট সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- যশোর জেলার শার্শা উপজেলার গোগা ইউনিয়নের পাঁচ ভুলোট গ্রামের রবিউল ইসলামের ছেলে মো: ইছাহাক (৪৫) এবং একই এলাকার মরহুম ইমাম আলীর ছেলে মো: আব্দুল মজিদ (৪২)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ভারত থেকে অস্ত্রের একটি চালান পাচার হয়ে বাংলাদেশে আসবে। এ ধরনের সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে শার্শার পাঁচ ভুলোট গ্রামের ইসাহাক ও মজিদের বাড়িতে অভিযান চালিয়ে প্রত্যেকের বাড়ি থেকে এক একটি করে বিদেশী পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় ইসাহাক ও মজিদকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

অস্ত্রের চালান এবং আসামি আটকের বিষয়টি নিশ্চিত করে ২১বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল খুরশিদ আনোয়ার জানান, আসামি ইসাহাক ও মজিদের নামে অবৈধভাবে অস্ত্র রাখার অপরাধে অস্ত্রের চালান এবং তাদেরকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।