টাঙ্গাইলের মধুপুরে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন।

শুক্রবার সকাল ১০টা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। এর আগে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে জামালপুরগামী ক্রাউন ডিলাক্স নামক একটি বাস রক্তিপাড়া ফিলিং স্টেশনের কাছাকাছি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ প্রশাসন এবং ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান চালায়। এ সময় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত ১৮ জনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ সময় চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। আহত ১৭ জনের মধ্যে গুরুতর সাতজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। সূত্র : বাসস