চট্টগ্রামের মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নে ছালামত উল্লাহ ভূঁইয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের তালতলা মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্য তারেক জানান, ঘটনার সময় ঘরে তার মা, ছোট ভাই ও দুই পুত্রবধূ ছিলেন। চোরেরা বাহির থেকে দরজা আটকে দিয়ে যে রুমগুলোতে কেউ ছিল না, সেগুলোতে প্রবেশ করে আলমারি ও ওয়ারড্রবের তালা ভেঙে ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

তিনি জানান, এ ঘটনায় জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়া হবে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘চুরির বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’