বেনাপোলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ১৩৯তম আন্তর্জাতিক শ্রমিক দিবস। আজ বৃহস্পতিবার সকালে বন্দর নগরীতে দু’টি পৃথক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মো: আজিজুর রহমান।

অন্যদিকে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫ ও ৮৯১) আয়োজিত র‌্যালিতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু। এতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজীব হাসান।

পরে কাস্টমস হাউসের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির শার্শা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। সমাবেশে শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়ার কথা তুলে ধরা হয়।