দুর্নীতিমুক্ত দেশ গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নেই মন্তব্য করে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছন, ‘রমজানের স্বার্থকতা হলো তাকওয়া অর্জন করা। রোজা রাখার জন্য আমরা যে কষ্ট করি তার চাইতে বেশি কষ্ট করা দরকার কোরআনের মর্যাদা ও কোরআনের সমাজ গঠনের জন্য। কোরআনের শিক্ষা ছাড়া সমাজকে দুর্নীতি মুক্ত করা সম্ভব নয়। বাংলাদেশে সম্পদের অভাব নাই। শুধু দুর্নীতিমুক্ত সৎ ও যোগ্য লোকের অভাব।’

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে সিরাজগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত শহরের অভিজাত এক রেস্তোরায় রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘আগামীতে এই ঐক্যের ভিত্তি হবে ইসলাম। আগামীতে দেশের সকল ইসলামি দল ও ইসলামি ভাবাপন্ন লোকদের সমন্বয়ে ঐক্যের মাধ্যমে দেশ গঠন করা হবে, জাতীয় প্রয়োজনে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, ইনশাআল্লাহ।’

এ সময় জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে জেলা জামায়াতের নায়েবে আমির ও বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আলী আলম, জেলা জামায়াতের শহর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফ, সিরাজগঞ্জ হাজী আহম্মেদ আলী আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা আহমাদুল্লাহ সিরাজী প্রমুখ বক্তব্য রাখেন।