হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ শিকার করায় কোস্টগার্ড ও মৎস্য অধিদফতরের যৌথ অভিযানে ৬১৫ কেজি ইলিশসহ ছয়টি ট্রলারের ৯৩ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (৯ মে) দুপুরের দিকে জব্দ করা মাছগুলো এতিমখানা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

এর আগে গত ৮ মে রাত ৩টার দিকে উপজেলার হরনী ইউনিয়নের টাংকি ঘাট ও চেয়ারম্যান ঘাট এলাকার মেঘনা নদী থেকে তাদেরকে আটক করা হয়।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন হাতিয়া মৎস্য বিভাগের সমন্বয়ে উপজেলার হরনী ইউনিয়নের টাংকি ঘাট ও চেয়ারম্যানঘাট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এফবি মায়ের দোয়া, এফবি আয়ানা, এফবি তাহিয়ান, এফবি সামিয়া, এফবি সাইফুল-২ ও এফবি মায়ের দোয়া নামে ছয়টি বোট আটক করা হয়। এ সময় বোটে চার লাখ ৬১ হাজার টাকা মূল্যের ৬১৫ কেজি ইলিশ মাছসহ ৯৩ জন জেলেকে আটক করা হয়।

সিনিয়র মৎস্য কর্মকর্তা ফয়েজুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দ করা ছয়টি বোট মালিককে চার লাখ ৭৬ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়। এ সময় আটক করা ৯৬ জেলেকে মুচলেকা নিয়ে বোটসহ ছেড়ে দেয়া হয়।

উল্লেখ্য, প্রতি বছর ১৫ এপ্রিল হতে ১১ জুন মোট ৫৮ দিন সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সকল প্রকার মৎস্য নৌযান, মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।