সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে মহাবিপন্ন প্রজাতির 'বাটাগুর বাসকা' কচ্ছপের ৬৫টি বাচ্চা ফুটেছে।

আজ সোমবার সকালে ডিম থেকে বাচ্চাগুলো ফুটে বের হলে সেগুলোকে কেন্দ্রের সংরক্ষণ প্যানে স্থানান্তর করা হয়।

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি একটি কচ্ছপ ৮২টি ডিম পাড়ে। ডিমগুলো সংগ্রহ করে নিবিড় পরিচর্যার মাধ্যমে বালুর মধ্যে রাখা হয়। আজ (সোমবার) সকালে ডিমগুলো থেকে ৬৫টি বাচ্চা ফুটে বের হয়।

তিনি আরো জানান, বাচ্চাগুলোকে লালন-পালনের জন্য আপাতত প্যানে রাখা হয়েছে। পরে সেগুলো বড় পুকুরে এবং কিছু বাচ্চা প্রকৃতিতে অবমুক্ত করা হবে।

উল্লেখ্য, করমজলে ২০১৪ সালে মাত্র আটটি কচ্ছপ দিয়ে ‘বাটাগুর বাসকা’র প্রজনন কার্যক্রম শুরু হয়। এরপর থেকে এ পর্যন্ত ৫২১টি ডিম থেকে ৪৭৫টি বাচ্চা ফুটেছে। বর্তমানে প্রজনন কেন্দ্রে ৪৫৮টি কচ্ছপ রয়েছে। এর মধ্যে শতাধিক কচ্ছপ ইতোমধ্যে সুন্দরবন ও সমুদ্রে অবমুক্ত করা হয়েছে।