মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দু’টি অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার প্রথম দুর্ঘটনাটি ঘটে জেলার সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায়। হৃদরোগে আক্রান্ত এক রোগীকে বহনকারী ওই অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে চালকসহ পাঁচজন আহত হন।
প্রায় একই সময়ে শ্রীনগর উপজেলার ছনবাড়ি সেতুর ওপর মাওয়াগামী আরেকটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে পড়ে। ঢাকার একটি হাসপাতাল থেকে লাশ নিয়ে ফরিদপুরের মধুখালী যাওয়ার পথে অজ্ঞাত একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আবির (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ‘অল্প সময়ের ব্যবধানে এক্সপ্রেসওয়ের দু’টি পৃথক স্থানে দুর্ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
সূত্র : ইউএনবি