পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১০ দিনের ছুটিতে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে সব ধরনের কার্যক্রম বন্ধ থাকছে। দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
জানা গেছে, ঈদুল আজহা উদযাপন উপলক্ষে রেলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হক জানান, ঈদ উপলক্ষে বাংলাদেশ রেল ভবন থেকে নির্দেশনা অনুযায়ী এই ছুটি ঘোষণা করা হয়েছে।
এ সময় এলাকার সব বাণিজ্যিক ব্যাংক বন্ধ থাকায় আমদানিকারকরা লেনদেন করতে পারবেন না। ফলে রেলবন্দর দিয়ে ভারত থেকে কোনো মালামাল আমদানি হবে না।
তবে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ রমজান আলী।
তিনি বলেন, ঈদ উপলক্ষে রেলবন্দরের আমদানি কার্যক্রম বন্ধ থাকলেও দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
এদিকে দর্শনা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী খন্দকার শওকত আলী জানান, ছুটির সময়ে সিঅ্যান্ডএফ সংস্থার সব অফিস ও কার্যক্রম বন্ধ থাকবে।