সিরাজগঞ্জের বেলকুচিতে মসজিদ নির্মাণ কাজের চাঁদা তোলাকে কেন্দ্র করে একই গ্রামের দু’পক্ষের সংঘর্ষে আজাহার আলী (৫৪) নামের একজন নিহত হয়েছেন। সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।
রোববার (১৬ মার্চ) দুপুরে বেলকুচি থানার ওসি তদন্ত আব্দুল বারেক এই বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ছোট সগুনা গ্রামের দু'পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হওয়া একজন রোববার সকালে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি।
স্থানীয়রা জানান, সগুনা গ্রামের মসজিদের নির্মাণ কাজ চলছে। এজন্য এলাকাবাসীর কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে। চাঁদা তোলাকে কেন্দ্র করে একই গ্রামের কারিমুল ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে শনিবার ইফতারের আগ মুহূর্তে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু'গ্রুপের লোকজন। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১৩ জন আহত হয়। এর মধ্যে কারিমুল গ্রুপের হামলায় আলাউদ্দিন গ্রুপের আজাহার আলী গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালের দিকে তার মৃত্যু হয়। এদিকে সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করেছে।