গণহত্যার বিচার না হলে দেশে আবারো ফ্যাসিবাদী তাণ্ডব চালানোর চেষ্টা হবে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ২০২৪ জুলাই অভ্যুত্থানের গণহত্যার বিচার এখন বাংলাদেশের মানুষের সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয়। বাংলাদেশকে যদি মেরামত করতে হয় তাহলে অবশ্যই জুলাই বিপ্লবে যারা গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিচার নিশ্চিত করতে হবে।’

শুক্রবার ( ২৮ মার্চ) সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় রংপুর জেলা ও মহানগর সংগঠক ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ানের সভাপতিত্বে ইফতার মাহফিলে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শওকত আলী, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব আনিসুর রহমান লাকু, মহানগর সদস্য সচিব মাহফুজুর নবী ডন, মহানগর জামাতের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট কাউসার আলী, এবি পার্টি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতা ও রংপুর বিভাগের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব, সাকিব মাহদী, সদস্য আব্দুল মুনাইম, রফিকুল ইসলাম কনকপ প্রমুখ বক্তব্য দেন।

আখতার হোসেন বলেন, ‘সামনে যে নির্বাচন হবে সেটি হতে হবে গণপরিষদ নির্বাচন, সেই নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিরা নতুন সংবিধান উপহার দেবেন এবং তারাই সংসদ সদস্যের দায়িত্ব পালন করবে। গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনকে এক করে দেখার কোনো অবকাশ নাই।’

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি বর্তমানে বাংলাদেশে যে সংবিধানের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে, এই সংবিধান বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। এই সংবিধানের এক তৃতীয়াংশ আছে তা কেউ সংশোধন করতে পারবে না। এ ধরনের বিধান এই সংবিধানে যুক্ত করা হয়েছে।’

আখতার আরো বলেন, ‘এই সংবিধানে রাষ্ট্রের যে তিনটি অর্গান রয়েছে, এই তিনটি অঙ্গের মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা হয়নি। যার মাধ্যমে সাংগঠনিক প্রক্রিয়ায় এদেশের প্রধানমন্ত্রী স্বৈরাচারী হওয়ার সুযোগ হয়েছে। সেজন্য আমরা মনে করি, বাংলাদেশ দেশে নতুন সংবিধানের বাস্তবতা রয়েছে। নতুন সংবিধান পেতে হলে গণপরিষদ নির্বাচন দিতে হবে। এ কারণে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি, আপনার যে নির্বাচন হবে সেই নির্বাচনটা হতে হবে গণপরিষদ নির্বাচন ‘

পরে অনুষ্ঠান শেষে তিনি রংপুরে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন।