জবি শিক্ষার্থীদের আবাসন সঙ্কট নিরসন, গুমের শিকার সাবেক জবি ছাত্রদল নেতাদের ফেরত, কুয়েটে অন্যায়ভাবে শিক্ষার্থীকে বহিষ্কার এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি।

বুধবার (২৩ এপ্রিল) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে সংগঠনটির সদস্য নওশিন নাওয়ার জয়া বলেন, ‘একের পর এক বিচার বহির্ভূত হত্যার ঘটনা হচ্ছে। অথচ রাষ্ট্রযন্ত্র নিশ্চুপ, বিচার ব্যবস্থা অপারগ। যারা জুলাই আন্দোলনের শহীদ ও আহত শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতা পেয়েছে তারা আজ বিচার ব্যবস্থার সংস্কার করার পরিবর্তে আরো ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।’

তিনি বলেন, ‘মনে রাখতে হবে, ফ্যাসিস্ট কোনো গোষ্ঠী নয়, এটি কন্সেপ্ট। যারাই নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইবে শিক্ষার্থী ও সাধারণ জনগণ মিলে তাদের অধিকার রক্ষায় আবার ৫ আগস্ট রচনা করবে।’

সংগঠনের সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, ‘আমাদের আক্ষেপ, হারানো আর না পাওয়ার তালিকা বড় থেকে বড় হচ্ছে। বিপরীতে আমাদের অধিকার আদায়ের কোঠা শূন্য। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ২০ বছর হতে চলেছে। ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে আবাসন সুবিধা রয়েছে মাত্র ১২৪৮ জন নারী শিক্ষার্থীর জন্য।’

তিনি বলেন, ‘ছাত্রী হলের একটি মাত্র হল যেখানে ১২৪৮ আসনে গাদাগাদি করে থাকেন দু’হাজারের উপরে নারী শিক্ষার্থী। ছেলে শিক্ষার্থীদের জন্য নেই কোনো আবাসন সুবিধা। প্রতিদিন তারা মেসে অমানবিক জীবন যাপন করেন। অস্বাস্থ্যকর খাদ্য খেয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তারা দিনাতিপাত করছে।’