ঝিনাইদহের মহেশপুরের খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের জীবননগর বিশেষ

ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের অভিযানে আটক চোরাকারবারি রাজ রকির (৩২) মলদ্বার থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে জীবননগর থানায় তাকে সোপর্দ করে বিজিবি।

মহেশপুর ব্যাটালিয়ন (বিজিবি-৫৮) সূত্রে জানা গেছে, সোমবার (১৭ মার্চ) বিকেল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর বিওপির সদস্যরা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের থানা মোড় এলাকায় অভিযান চালিয়ে রাজ রকিকে আটক করে।

আটক রাজ উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে বলে জানা গেছে।

প্রথমে রাজ রকি স্বর্ণ পাচারের বিষয়ে তথ্য দিতে চাননি। পরে সন্ধ্যা ৬টার দিকে তার মলত্যাগের মাধ্যমে স্কচটেপ মোড়ানো দু’টি প্যাকেট বের করা হয়। প্যাকেট খুলে ছয়টি স্বর্ণের বার পাওয়া যায়।

এদিকে উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ৭২৮.৯৬ গ্রাম। যার বর্তমান বাজারমূল্য ৮৭ লাখ ৪৮ হাজার ৬৮০ টাকা।

পরে আইনি প্রক্রিয়া শেষে স্বর্ণের বারগুলো সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

‘সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। দেশের স্বর্ণের চোরাচালান রোধে বিজিবি সব সময় সজাগ ও তৎপর রয়েছে,’ বলেও জানায় বিজিবি।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বলেন, ‘ঘটনায় জীবননগর থানায় একটি মামলা হয়েছে।’