ঝালকাঠির রাজাপুরে ইট বোঝাই ট্রলি উল্টে খাদে পড়ে তানভীর ইসলাম (১৮) শ্রমিক নিহত হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার গালুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর ইসলাম ঝালকাঠি সদরের গোয়ালকান্দা এলাকার বাসিন্দা আব্দুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়ার দিকে যাওয়ার পথে ইটবোঝাই ট্রলিটির সামনের চাকা হঠাৎ বিস্ফোরিত (ব্লাস্ট) হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রলিটি সড়কের বাম পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রলির হেলপার শ্রমিক তানভীর ইসলাম ইটের নিচে চাপা পড়ে নিহত হন। এ সময় অপর একটি ট্রলির চালক সাব্বির ফায়ার সার্ভিসের সহায়তায় তানভীরকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ট্রলির চালক মো. শাকিল এবং অপর এক শ্রমিক ঘটনাস্থল থেকে সটকে পড়েন। খবর পেয়ে রাজাপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়।