মোংলায় অভিযান চালিয়ে ৩১ কেজি হরিণের গোশত, একটি মাথা ও চারটি পা উদ্ধার করেছে কোস্টগার্ড।

আজ শুক্রবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে কোস্টগার্ডের হারবারিয়া স্টেশন কর্তৃক মোংলার জয়মনিরঘোল সাইলো জেটি সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে কোস্টগার্ডের হারবারিয়া স্টেশন কর্তৃক মোংলার জয়মনিরঘোল সাইলো জেটি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে ওই এলাকায় তল্লাশি করে পরিত্যক্ত একটি বস্তা থেকে সুন্দরবন থেকে শিকারকৃত হরিণের ৩১ কেজি গোশত, একটি মাথা ও চারটি পা উদ্ধার করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে উদ্ধার করা হরিণের গোশত ও অন্য আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই রেঞ্জ ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।