কুমিল্লায় সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অভিযানে এক কোটি ৯৭ লক্ষ ৬৭ হাজার ৩৪০ টাকা মূল্যের মাদক ও বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। এ সময় মো: মাহিন নামে একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
আটক হওয়া মো: মাহিন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শিমরাইল গ্রামের মো: এনামুল হোসেনের ছেলে বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, সুলতানপুর ব্যাটালিয়ন-৬০ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত হতে শংকুচাইল, শশীদল, সালদানদী ও বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার সীমান্ত হতে আখাউড়া, ঘাগুটিয়া, চন্ডিদার, কসবা ও মাদলা বিওপির মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আনুমানিক এক কোটি সাতানব্বই লাখ সাতষট্টি হাজার তিনশত চল্লিশ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামালসহ একজনকে আটক করা হয়েছে।
এ সময় জব্দ করা মালামালের মধ্যে রয়েছে কিসমিস ২৭ কেজি, গরু দু’টি, চকলেট ৯৩৫ পিস, চা পাতা দু’কেজি, চাউল সাত হাজার ৫৮৫ কেজি, চিংড়ি মাছের রেনু ৮১ বক্স, চিনি ৮৩২ কেজি, ডরমিন মলম ২৭৫ পিস, চুলের তৈল ৮১ বোতল, দুধ এক কেজি, পন্ডস পাউডার ১ হাজার ৫৮৪ পিস, ফুসকা ৮১৮ কেজি, বিভিন্ন প্রকার বাজি ৫৩ হাজার ৬০১ পিস, বিভিন্ন প্রকার মোবাইল ১৬৮টি। এছাড়া বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে ২৪৩ পিস, নেহা মেহেদী ১১৩৮ পিস, এ্যানার্জি ড্রিংকস ৭৮৭ বোতল, শাড়ি ৩১ পিস, শ্যাম্পু ২৩৫ পিস, সাবান ৭৯ পিস, বাংলাদেশী অটো রিকশা একটি, ভারতীয় ইয়াবা ট্যাবলেট ৪ হাজার ৮১৫ পিস, হুইস্কি বিভিন্ন প্রকার বিদেশী মদ ৪০ বোতল, বিয়ার ১৩৮ বোতল, ইস্কাপ সিরাপ ২৫৮ বোতল, গাঁজা ২৮ কেজি এবং সিগারেট ২ হাজার ৪৫০ প্যাকেট।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ মাদক ও মালামাল জব্দ করা হয়।