হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৯। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা দুই সন্দেহভাজন মাদককারবারি প্রাইভেটকার ফেলে পালিয়ে যায়।

রোববার (১২ জুলাই) সন্ধ্যায় র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, সকালে র‌্যাব-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল শায়েস্তাগঞ্জের মেসার্স ফোর এস ফিলিং স্টেশনের সামনে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের ওলিপুর এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনে একটি প্রাইভেটকারে মাদক কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি অবস্থান করছে। খবর পেয়ে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে প্রাইভেটকারে থাকা অজ্ঞাতনামা দুই ব্যক্তি গাড়িটি রেখে দ্রুত পালিয়ে যায়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসাথে প্রাইভেটকারটি জব্দ করা হয়।

র‌্যাব আরো জানায়, পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত প্রাইভেটকার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।