নোয়াখালীর হাতিয়া উপজেলার চরগাশিয়ার কুখ্যাত ডাকাত ফখরুল ইসলাম ওরফে (ফকরা ডাকাত)-এর প্রধান সহযোগী নাসির উদ্দিনকে (৩৪) আটক করেছে হাতিয়া কোস্টগার্ড।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।
হাতিয়া কোস্টগার্ড জানায়, সোমবার রাতে স্থানীয় সুখচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লোকজন এলাকায় নাসিরকে দেখে অবরুদ্ধ করে। সে কুখ্যাত ডাকাত ফখরুল ইসলাম ওরফে ফখরা ডাকাতের ঘনিষ্ঠ সহযোগী। পরে এলাকাবাসী সংবাদ দিলে কোস্ট গার্ড তাকে আটক করে।
নাসির ওই এলাকায় বিয়ে করার সুবাদে বসবাস করা শুরু করে। ৫ আগস্টের পর প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় গরু চুরি, মানুষের বাড়িঘর লুটসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ করেছে এলাকাবাসী।
হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম জানান, নাসির উদ্দিনকে সন্ত্রাস দমন আইনে গ্রেফতার দেখিয়ে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।