পদোন্নতি না পাওয়ায় রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের পরিচালক মো: হাবিবুর রহমানকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে অধীনস্থ এক কর্মচারীর বিরুদ্ধে। ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে নগরীর রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।
জিডিতে উল্লেখ করা অভিযুক্ত খুরশীদ উজ্জামান খান ডিউক (৫৭) বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের উচ্চমান সহকারী এবং রাজশাহী নগরীর সিপাইপাড়া এলাকার বাসিন্দা।
শুক্রবার (৯ মে) রাতে নয়া দিগন্তকে পরিচালক হাবিবুর রহমান জানান, আমি যোগদানের পর থেকেই বিধিবহির্ভূতভাবে পদোন্নতি ও পদায়নের জন্য চাপ প্রয়োগ করে আসছিলেন ডিউক। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে অজ্ঞাত একটি নম্বর থেকে অপরিচিত এক ব্যক্তি আমার মোবাইলে কল করে ডিউককে পদোন্নতি বা পদায়ন দেয়ার জন্য চাপ প্রয়োগ করেন। কথা অনুযায়ী কাজ না করলে আমার বড় ধরনের ক্ষতি হবে বলে হুমকি দেন।
তিনি আরো জানান, এর প্রেক্ষিতে ভবিষ্যৎ জীবনের নিরাপত্তা চেয়ে ডিউককে অভিযুক্ত করে গতকাল বৃহস্পতিবার থানায় একটি জিডি করি। আমি সবার সাথে মিলে মিশে একসাথে কাজ করতে চাই। তাই বিভাগীয় কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তবে শুধু মৌখিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
এদিকে নিয়ম অনুযায়ী তাকে পদোন্নতি ও পদায়নের কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।
এ বিষয়ে অভিযুক্ত খুরশীদ উজ্জামান খান ডিউকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের পরিচালকের করা জিডির বিষয়টি নিশ্চিত করেছে রাজপাড়া থানা পুলিশ।