গাজীপুরের শ্রীপুরে পিকআপচাপায় শিল্পী আক্তার (৩০) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

শিল্পী আক্তার ময়মনসিংহের নান্দাইল উপজেলার বনগ্রাম গ্রামের আব্দুল জলিলের মেয়ে। তিনি এমসি বাজার মতিনের বাসায় স্বামী আব্দুল কাদিরের সাথে ভাড়া থেকে স্থানীয় ডেকো কারখানায় সুইং অপারেটর হিসেবে চাকরি করতেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে শিল্পী আক্তার তার কর্মস্থল যাচ্ছিলেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী পিকআপ তাকে চাপা দিলে মাথায় গুরুতর আঘাত পান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর পিকআপ চালক ও সহকারী পিকআপটি ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করে হাইওয়ে থানয় নিয়ে আসে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেকো গার্মেন্টস লিমিটেডের মানব সম্পদ ও প্রশাসন সেকশনের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী কারখানার সুইং সেকশনসহ কয়েকটি সেকশন ভোর ৫টা থেকে খোলা ছিল। শিল্পী আক্তার সুইং অপারেটর হিসেবে চাকরি করতেন। কারখানার পক্ষ থেকে লাশ বাড়িতে পাঠানো এবং দাফনসহ অন্যান্য সহযোগীতা করা হচ্ছে।