চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের কানুরাম বাজার এলাকায় মাদক সেবনে বাধা দেয়ায় ডা: নুরুল হক (৫২) নামের একজন জামায়াত কর্মীকে কুপিয়ে খুন করেছেন রাজিব বডুয়া।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে পূর্ব কলাউজান ইউনিয়নের কানুরাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা সেলিম উদ্দিন জানান, নিহত নুরুল হক কলাউজান ইউনিয়নের একজন পল্লী চিকিৎসক। তিনি এলাকায় বিভিন্ন মাদক সেবনকারীর বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। সব সময়ের মতো এবারো নেশা করতে বাধা দেয়ায় রাজিব বড়ুয়া দা-কাচি নিয়ে নুরুল হকের চেম্বারে হামলা করে এবং চেম্বার থেকে প্রায় ১০০হাত দূরে নিয়ে গিয়ে তাকে হত্যা করেন।

তিনি আরো জানান, হামলাকারী রাজিব বড়ুয়া পালানোর সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

প্রত্যক্ষদর্শী আনওয়ার বলেন, ‘উনার মুখে অতিরিক্ত আঘাত করার কারণে চেহারা বোঝা যাচ্ছিলো না। হামলাকারীর হাত থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে আসি আমরা, পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘আমরা ইতোমধ্যে আসামিকে আটক করেছি। ঘটনার তদন্ত চলমান রয়েছে।’