নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রীরা।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
ছাত্রীরা বলেন, ‘নারীবিষয়ক সংস্কার কমিশন যৌন পেশাকে সামাজিক স্বীকৃতি দেয়ার সুপারিশ করেছে। যা নারী সমাজের জন্য অবমাননাকর। ইসলামে নারীদের অধিকার কোনো অংশেই কম দেয়া হয়নি। বরং ইসলাম নারীদেরকে অনেক সম্মানিত করেছে। এই শাহজালালের ভূমি থেকে আমরা কখনই এসব অযৌক্তিক দাবি বাস্তবায়ন হতে দেব না।’
বাংলা বিভাগের শিক্ষিকা অধ্যাপক ড. খোন্দকার আরিফা আক্তার বলেন, ‘কমিশনে যারা বসে আছেন তারা বেশিরভাগই পশ্চিমা নিয়ন্ত্রিত এনজিও কর্মী। বৃহত্তর নারী সমাজের প্রতিনিধিত্ব করে, এমন নারীদের নিয়ে নতুন কমিশন গঠন করে তারপর সংস্কারের প্রস্তাব আনা দরকার। কতিপয় সুপারিশ সব ধর্মের মূল্যবোধকে অপমান করেছে। বাংলাদেশের জনগণ এক বাক্যে তা প্রত্যাখ্যান করছে।’