যশোরের চৌগাছায় মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করতে গিয়ে হামলায় আহত হয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনসহ সাত পুলিশ সদস্য।

মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের মাকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত অন্য পুলিশ সদস্যরা হলেন এএসআই মিরাজুল ইসলাম, এএসআই লাবলুর রহমান, কনস্টেবল ভিক্টর ঘোষ, রবিউল ইসলাম, সুলতান আহমেদ ও মেহেদী হাসান।

গুরুতর আহত এএসআই লাবলুর রহমানকে চৌগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মামলার আসামি মাকাপুর গ্রামের সাজেদুর রহমানের ছেলে সিয়ামকে (২৩) গ্রেফতারে অভিযান চালান এসআই মারুফ ও এসআই উত্তম সঙ্গীয় থানা পুলিশের একটি দল। সিয়ামকে আটকের পর তার সহযোগীরা পুলিশের ওপর চড়াও হয় এবং তাকে ছিনিয়ে নেয়। খবর পেয়ে ওসি আনোয়ার হোসেন ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা তার ওপরসহ পুলিশ দলের ওপর হামলা চালায়। এতে সাত পুলিশ সদস্য আহত হন।

চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনোয়ারুল আবেদীন জানান, ওসির চোখের কোণে এবং এক সদস্যের মাথায় আঘাত রয়েছে। আহত ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে, তবে গুরুতর আহত এএসআই লাবলুর রহমান হাসপাতালে ভর্তি আছেন।

ওসি আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনার সময় আসামি সিয়ামকে আটক করা হয়েছে। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’