লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সীমান্ত থেকে ধরে নিয়ে হত্যা করা হাসিবুলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদেরকে সমবেদনা ও আর্থিক সহযোগিতা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের নিহত হাসিবুলের পরিবারের সদস্যের সাথে সাক্ষাত করেন হাতীবান্ধা-পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট-১ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো: আনোয়ারুল ইসলাম রাজু।

এ সময় তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। পরিবারের সচ্ছলতা ফেরানোর জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামামীর পক্ষ থেকে নিহত হাসিবুলের মায়ের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন এবং ভবিষ্যতে এই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার আমির প্রভাষক হাসান আলী, সিঙ্গিমারী ইউনিয়ন জামায়াতের আমিরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আনোয়ারুল ইসলাম রাজু বলেন, ‘এই ঘটনার ন্যায়বিচার এবং সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সরকারের কাছে জবাবদিহিতা ও যথাযথ পদক্ষেপ নেয়ার দাবি জানাই। এ সময় তিনি নিহত হাসিবুলের লাশ পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য কর্তৃপক্ষের আহ্বান করেন।’

উল্লেখ্য, (১৬ এপ্রিল) বুধবার জেলার হাতীবান্ধা উপজেলার সিংগিমারী ইউনিয়নের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪ নম্বর মেইন পিলারের সাব ৬ এস পিলারের কাছে কৃষক হাসিবুল ইসলামকে গুলি করে আহত অবস্থায় ভারতে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দল। পরে তাকে কোচবিহারের একটি হাসপাতালে ভর্তি করানোর পর সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।