স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি তরুণ সমাজকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে বান্দরবানে অনুষ্ঠিত হয়ে গেল হিল ম্যারাথন প্রতিযোগিতা। বান্দরবান ক্রীড়া উন্নয়ন ফোরাম ও হিল রানার্স এই প্রতিযোগিতার আয়োজন করে।

বান্দরবান শহরের রাজার মাঠ থেকে শুরু করে সুয়ালক হয়ে জেলা শহর পর্যন্ত ২১ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনে দেশের বিভিন্ন জায়গার আটজন নারী প্রতিযোগীসহ মোট ৩০০ প্রতিযোগী অংশ নেয়। এছাড়া বিদেশী প্রতিযোগীও অংশ নেয় এই ম্যারাথনে।

শনিবার (২৬ এপ্রিল) ভোরে শহরের রাজার মাঠে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় তার সাথে জেলা পরিষদের সদস্য মো: নাসির উদ্দিন, অধ্যাপক ওসমান গনি, আয়োজক কমিটির অংচমং মারমা, মো: সোহেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় ১ ঘণ্টা ২২ মিনিটে ২১ কিলোমিটার দূরত্বের ম্যারথন সম্পন্ন করে চ্যাম্পিয়ন হন মৌলভী বাজার জেলার আশরাফুল ইসলাম। ১ ঘণ্টা ২৮ মিনিটে অতিক্রম করে দ্বিতীয় হন খুলনা সদরের পলাশ শেখ ও ১ ঘণ্টা ৩০ মিনিটে অতিক্রম করে তৃতীয় হন সুনামগঞ্জের রায়হান উদ্দিন। এছাড়াও তিনটি ক্যাটাগরিতে প্রথম ২০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

বান্দরবানের সবুজে ঘেরা প্রকৃতির মাঝে পাহাড়ি উঁচু-নিচু, আঁকাবাঁকা পথে অ্যাডভেঞ্চারপ্রেমী প্রতিযোগিরা অংশগ্রহণ করে রোমাঞ্চকর অনুভূতি নেন। পাহাড়ের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে প্রতিযোগিরা ছিলেন উৎফুল্ল।