শেখ হাসিনার কোনো ষড়যন্ত্রই সফল হবে না মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘বিদেশী আধিপত্যবাদী শক্তির কোলে বসে বাংলাদেশকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করছে। বিদেশী আধিপত্যবাদী শক্তির কোলে বসে শেখ হাসিনার কোন ষড়যন্ত্রই সফল হবে না। কারণ ফ্যাসিস্ট শক্তির পতনের পরে কোনো দেশে ফ্যাসিস্ট ফিরে আসেনি। তাহলে হিটলার ফিরে আসত। নমরুদ ফিরে আসত।’

তিনি বলেন, ‘আমরা প্রতিবেশী সব রাষ্ট্রের সাথে মর্যাদাপূর্ণ সম্পর্ক চাই। আমাদের জাতীয় স্বার্থকে সমুন্নত রেখেই আমরা সম্পর্ক রাখতে চাই।’

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে জেলা আইনজীবী সমিতির বার লাইব্রেরিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, ‘বাঙালি জাতি বারবার বিদ্রোহ করতে জানে। বহু বিদ্রোহের দেশ এই বাংলাদেশ। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শত শত তরুণের তাজাপ্রাণের বিনিময়ে এদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। তার সমস্ত পৌরসভার মেয়ররা পালিয়ে গেছে, সিটি করপোরেশনের মেয়ররা পালিয়ে গেছে, এমপিরা পালিয়ে গেছে, মন্ত্রীরা পালিয়ে গেছে, উপজেলা চেয়ারম্যানেরা পালিয়ে গেছে, ইউনিয়ন চেয়ারম্যানরা পালিয়ে গেছে।’

তিনি বলেন, ‘তাদের নেতা শেখ মুজিব ১৯৭১ সালে ২৫ মার্চের রাতে যেমন পাকিস্তান বাহিনীর কাছে স্বেচ্ছায় ধরা দিয়ে বলেছিল, ‘তোরা সব পালা, আমি স্বেচ্ছায় ধরা দেই।’ পরের দিন সব পালিয়ে গেল। বাংলাদেশে কোনো আওয়ামী লীগার থাকল না। সমস্ত ব্যাংক-বিমা লুটপাট করে সব পালায় চলে গেল।’

এ সময় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ নান্নুর সভাপতিত্বে সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, কোষাধ্যক্ষ এ এস এম এম মোক্তার কবির খান। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, অ্যাডভোকেট জসীমউদ্দিন মৃধা, অ্যাডভোকেট ইউনুস আলী, অ্যাডভোকেট সুমন বক্তব্য দেন।