প্রখ্যাত ওলী হযরত শাহজালাল রহ:-এর মাজার ও দরগাহের আয়-ব্যয়ের হিসাব-নিকাশে স্বচ্ছতা নিশ্চিত করতে সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো: সারওয়ার আলমের নেয়া উদ্যোগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে ‘ঐক্যবদ্ধ সিলেট’র উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও হেফাজত নেতা মাওলানা রেজাউল করিম জালালি। অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী।

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড সিলেটের সভাপতি মেহরাব হোসেন মুনিম, সাধারণ সম্পাদক তানজিম হোসেন, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহসানুল হক তাহের, সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা হোসাইন আহমদ মাদানী, সাধারণ সম্পাদক মাওলানা সহুল আহমদ, মাওলানা রইস উদ্দিন, আবুল হোসেন, সুফী কবি কামাল আহমদ, ডা: মুস্তফা আহমেদ, মুসতাক মখলিছ মিয়া, মাসুক মিয়া, রুবেল মিয়া, জুলাই যোদ্ধা আব্দুস শহিদ খান, ফয়সল আহমদ, ইবরাহিম আলীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জেলা প্রশাসক মো: সারওয়ার আলম সিলেটের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছিলেন। এর অংশ হিসেবে হযরত শাহজালাল রহ:-এর মাজার ও দরগাহের আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে আনা এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রাথমিক উদ্যোগ নেয়া হয়।

তাদের দাবি, দীর্ঘদিন ধরে মাজার ও দরগাহের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতার অভাব নিয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। সারওয়ার আলম এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করায় কিছু স্বার্থান্বেষী মহলের অসন্তোষের সৃষ্টি হয় এবং এর ফলেই তাকে প্রত্যাহার করা হয়েছে বলে বক্তারা অভিযোগ করেন।

সমাবেশে বক্তারা আরো বলেন, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অর্থ আত্মসাৎ করতে না পারে, সে লক্ষ্যে নেয়া উদ্যোগ অব্যাহত রাখতে হবে। সিলেটের স্বার্থে এবং চলমান স্বচ্ছতা কার্যক্রম বাস্তবায়নের স্বার্থে মো: সারওয়ার আলমকে পুনরায় সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং মাজার-দরগাহের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ ও স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিতের দাবি জানান।