গাজীপুরের টঙ্গীতে খোলা নালায় পড়ে মারা যাওয়া ফারিয়া তাসনিম জ্যোতির (৩২) লাশ চুয়াডাঙ্গায় দাফন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়া সংলগ্ন পুরাতন জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
জানা গেছে, ফারিয়া ঢাকায় একটি ওষুধ কোম্পানির ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। কাজের সূত্রে রোববার (২৭ জুলাই) রাতে ইম্পেরিয়াল হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে বের হয়ে ফেরার পথে হাসপাতালের সামনের খোলা নালায় পা পিছলে পড়ে যান এবং এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা টানা ৩৭ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে টঙ্গীর বাঁশপট্টি এলাকার একটি বিলে তার লাশ উদ্ধার করা হয়।
ফারিয়া তাসনিম জ্যোতি চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মসজিদপাড়ার বাসিন্দা ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে।
জ্যোতির বড় ভাই মো: শোভন বলেন, ‘আমার বোন সংগ্রাম করে সংসার চালিয়েছে। দুই সন্তানকে মানুষ করার স্বপ্ন ছিল তার। এখন ওরা শুধু মায়ের মুখ খুঁজছে।’
তিনি আরো বলেন, ‘এটা কোনো দুর্ঘটনা নয়, এটি একটি হত্যার নামান্তর। খোলা নালা দিয়ে কারো জীবন যেন এভাবে নিভে না যায়। এমন মৃত্যুর যেন আর পুনরাবৃত্তি না হয়।’