জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, ‘আওয়ামী ফ্যাসিজমের সাড়ে ১৫ বছরের শাসনকালে বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশন (বিপিসি)) ও অঙ্গ প্রতিষ্ঠানে দুর্নীতি, শ্রমিক হয়রানি ও দলীয়ভাবে ভয়াবহ বৈষম্য করা হয়েছে।’
তিনি বলেন, ৩৬ জুলাই তথা আগষ্ট বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার অনিয়ম, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে কাজ শুরু করেছে। তিনি তেল সেক্টরকে দুর্নীতি ও ফ্যাসিবাদ মুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান।
বুধবার (১৪ মে) রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বিআইএ কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক ও নগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মহানগরীর সহ-সভাপতি নজির হোসেন, সাধারন সম্পাদক আবু তালেব চৌধুরী, জামায়াতে ইসলামীর ৪০ নম্বর ওয়ার্ডের আমির মুহাম্মদ ইউসুফ, শ্রমিক কল্যাণ ফেডারেশন বিপিসি সেক্টরের সভাপতি আবু নাঈম সুজন, সহ-সভাপতি অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেনসহ বিপিসির নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন, আওয়ামী লীগ ও তার অঙ্গ সহেযাগী সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে তাই তেল সেক্টরে শ্রমিক লীগ পরিচালিত ট্রেড ইউনিয়নগুলোর নিবন্ধন বাতিল সিবিএ ভেঙ্গে দিয়ে দ্রুত সিবিএ নির্বাচন, নিয়োগ ও বদলীতে বৈষম্য দূর করার আহ্বান জানান।