পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে অন্তরা পরিবহন নামের একটি বাস তল্লাশি চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ৩০ মণ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাছের মধ্যে আছে চিংড়ি, লইট্টা ও পোয়া প্রভৃতি।
মঙ্গলবার রাত ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা উপস্থিত ছিলেন।
জানা গেছে, দ্রুত ব্যবস্থায় জব্দকৃত মাছগুলো আটটি এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়। নিষেধাজ্ঞাকালীন সময়ে সামুদ্রিক মাছ পরিবহন করবে না মর্মে মুচলেখা দিলে বাস ও চালককে ছেড়ে দেয়া হয়। উদ্ধার করা মাছের আনুমানিক মূল্য দাঁড়ায় প্রায় তিন লাখ টাকা।
মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, উদ্ধার করা মাছগুলো ধুলাসার থেকে ট্রলিংভ্যানের মাধ্যমে সরাসরি ঢাকাগামী বাসে ওঠানো হচ্ছিল।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকার গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরা ও পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসব মাছ আহরণ ও পরিবহন করায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।