সিলেটে বালু বোঝাই ট্রাকের নীচ থেকে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ট্রাকটিও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সিলেটের হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করে বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন-৫৫ বিজিবি।
হবিগঞ্জ ব্যাটালিয়ন-৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: তানজিলুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন-৫৫ বিজিবির একটি দল বৃহস্পতিবার সকালে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে (ঢাকা-সিলেট মহাসড়কে) এক বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় সিলেট থেকে আসা একটি বালু বোঝাই ট্রাককে থামানোর সঙ্কেত দিলে চালক দ্রুতগতিতে ঘটনাস্থল অতিক্রম করে ২০০ গজ দূরে চলে যায়। একপর্যায়ে মহাসড়কে ট্রাকটি রেখে চালক পালিয়ে যান। পরে বিজিবি ট্রাকটি তল্লাশি করে বালুর নীচে অভিনব কায়দার রাখা ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস, জিলেট ব্লেড, চশমাসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করে।
বিজিবি জানায়, উদ্ধার করা চোরাচালানের এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি ৩২ লাখ টাকা।
এদিকে একইদিন হবিগঞ্জ-৫৫ ব্যাটালিয়নের জেলার গুটিবাড়ী, বাল্লা ও মনতলা বিওপির সদস্যরা পৃথক তিনটি চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ২৪ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমাণ বিটেক্স গোল্ড ভিটামিন ও বাংলাদেশী মশার কয়েল জব্দ করে।
হবিগঞ্জ-৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: তানজিলুর রহমান বলেন, ‘হবিগঞ্জ ব্যাটালিয়ন নিয়মিত চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এ কাজের অংশ হিসেবে অভিযান চালিয়ে বালু বোঝাই ট্রাকে করে অভিনব কায়দায় ভারতীয় পণ্য নেয়ার সময় আটক করা হয় ট্রাকটি। তবে এর সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনিব্যবস্থা নেয়া হয়েছে।’