রাজনৈতিক লেজুড়বৃত্তির কারণে পুলিশে যোগ্যতা সম্পন্ন মানুষ আসতে পারেনি মন্তব্য করে রংপুর রেঞ্জ ডিআইজি মো: আমিনুল ইসলাম বলেছেন, ‘এই কারণে ফ্যাসিজম চেপে বসেছে। জনগণ সুবিধা ও সেবা থেকে বঞ্চিত হয়েছে। পুলিশে সেই ধারবাহিকতা আর ফিরতে দেয়া হবে না।’

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরের দিকে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে রংপুর রেঞ্জ থেকে নিয়োগ পাওয়া ৫৭ জন শিক্ষানবিশ এসআইকে সারদায় প্রশিক্ষণের জন্য পাঠানো উপলক্ষে পরিচিতি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ সময় অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন, এসপি আবু সাঈমসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন এসআইয়ের উদ্দেশে ডিআইজি বলেন, ‘ইতিহাস থেকে পুলিশকে শিক্ষা নিতে হবে। বার বার যদি আমরা একই জিনিস পনুরাবৃত্তি করি। তাহলে আমরা আমাদের দেশ ও সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে পারব না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হিটলার জার্মানিতে অনেক কিছু করেছেন। তারা সামনের দিকে এগিয়ে গেছে। আমারাও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।

ডিআইজি বলেন, ‘১৯৭১ যেমন আমাদের ইতিহাস, ১৯৯০ যেমন আমাদের ইতিহাস ২৪-এর জুলাই বিপ্লব আমাদের আরেক ইতিহাস। এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই ইতিহাস যে পরিস্থিতিতে তৈরি হয়েছে। সেই পরিস্থিতি যেন আর না আসে। সেজন্য পুলিশসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণ এবং বাংলাদেশের পক্ষে সব সময় পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। কারণ বিগত ১৬ বছর পুলিশে যোগ্যদের নিয়োগ দেয়া হয়নি। এজন্য পুলিশের সুনাম ক্ষুন্ন হয়েছে।‘

এর আগে তিনি নবাগত এসআইদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও পরিচিত হওয়ার পাশাপাশি তাদের উদ্দেশে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।