কুমিল্লার বুড়িচংয়ে গাড়িচাপায় অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৬ মে) ভোররাতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার দেবপুর কুমিল্লা স্পিনিং মিলস এলাকায় এ ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) চন্দন দাস জানান, ভোর ৫টার কিছু পরে অজ্ঞাত কোনো গাড়ির চাপায় ৩৫ বছর বয়সী এক যুবক নিহত হযন। খবর পেয়ে সকালে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। লাশ উদ্ধারের সময় তার দেহ ছিন্ন-বিচ্ছিন্ন ছিল। ফলে চেহারা দেখে পরিচয় শনাক্ত করতে না পেরে পিবিআই দলকে খবর দেয়া হয়।

জানা গেছে, কুমিল্লা থেকে পিবিআই-এর একটি দল লাশের আঙ্গুলের ছাপ নিয়েও পরিচয় শনাক্ত করতে পারেনি। পরে বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে লাশটি হস্তান্তর করা হয়।