বগুড়ায় বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১২টার দিকে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, ‘বগুড়ার উন্নয়ন নিয়ে যখন আমরা কাজ শুরু করেছি, তখন নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে মানুষের দৃষ্টি অন্যদিকে নেয়ার জন্য কিছু বিষয়কে ভিন্নভাবে খুব জোরালোভাবে নিয়ে আসা হচ্ছে। যেন বগুড়ার উন্নয়ন থমকে যায়।’

তিনি বলেন, ‘গত ১৭ বছর যদি বগুড়ায় সমানভাবে উন্নয়ন করা হতো তাহলে কথা ছিল না। এককভাবে শুধু বগুড়া জেলাকে বঞ্চিত করা হয়েছে। এবার বগুড়ার যানজট কমাতে করতোয়া নদীর পাশ দিয়ে বাইপাস সড়ক নির্মাণ করার পরিকল্পনা করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘উত্তরের জেলাগুলোকে উন্নয়নের তালিকায় নিয়ে আসতে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করা হবে। বগুড়ায় সকল শিশু ও তরুণদের জন্য একটি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনাও এগিয়ে গেছে। বিগত সময় থেকে উন্নয়ন বঞ্চিত বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা দিয়েছেন। বিশ্ববিদ্যালয়, বিমানের কার্গো সার্ভিসসহ আন্তর্জাতিক এয়ারপোর্ট, অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে।’

সংসদ সদস্য বলেন, ‘বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ধারবাহিকভাবে ২ জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন করে আসছে। এ ছাড়াও ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, ক্রীড়া বিষয়ক রিপোর্টারদের সংবর্ধনা ও স্থানীয় ক্রীড়ার উন্নয়নে করণীয় বিষয়ে অবদান রেখে চলেছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল। বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদ বগুড়ার প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খাজা আবু হায়াত হিরু।

এ সময় আরো বক্তব্য রাখেন শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত রিটু, সাবেক সভাপতি জহুরুল ইসলাম, তোফাজ্জল হোসেন, নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক শামীম আলম, কোষাধ্যক্ষ সানাউল হক শুভ প্রমুখ।